চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে পতেঙ্গায় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির মামুন মিয়ার মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালে নিয়ে আসা কয়েকজন জানিয়েছেন, সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়কে একটি ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মারিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় নাফিসাকে হাসপাতালে আনা হয়েছিল। এর কিছু সময় পরে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।


