চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার হাজী পাড়া এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা। শনিবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহিদ হাজী পাড়া এলাকার ইমাম হোসেনের বাড়ির বাসিন্দা এবং মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে নিজ বাসার ড্রয়িংরুমে পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করেন শাহিদ হোসেন। গুলির বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী বেশ কিছুদিন ধরে মানসিক ও পারিবারিক চাপে ছিলেন। কয়েক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কক্সবাজার থেকে অন্যত্র বদলি করলে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকেই তাদের সংসারে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, স্বামী-স্ত্রীর মনোমালিন্য, প্রায় এক বছর ধরে চাকরিহীন থাকা এবং বিভিন্ন মানসিক ও পারিবারিক সংকটের কারণে শাহিদ হোসেন আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে, আত্মহত্যায় ব্যবহৃত পিস্তলটির উৎস নিয়ে রহস্য তৈরি হয়েছে।
ওসি বলেন, অস্ত্রটি কার এবং কীভাবে এটি শাহিদ হোসেনের কাছে এলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অবৈধভাবে অস্ত্রটি নিজের হেফাজতে রেখেছিলেন। নিহতের স্ত্রীও পিস্তলটির বিষয়ে কিছু জানেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে তাকে এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। অস্ত্রটির উৎস ও বৈধতা নিয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এ ঘটনায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


