দুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম অনেকটা বেড়েছে। এখন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সোনার দাম বাড়ানো হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।
এর আগে, চলতি মাসের ২০ তারিখ সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে গত ১৫ আগস্ট সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়। তার আগের দিন সোনার দাম কিছুটা কমানো হয়েছিল।
দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় চলতি বছরের ২৯ জানুয়ারি। এদিন সোনার দাম একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বেড়েছে। এতে ২২ ক্যারেটের ভালো মানের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮২ টাকায় আর ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বেড়ে হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।


