আগামী ফেব্রুয়ারি মাসের সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। আর “মব ভায়োলেন্স” এখন নাই। আগে ছিল, তা দৃঢ়ভাবে দমন করা হয়েছে। আর এই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের “বেস্ট নির্বাচন”।’
শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, ‘ক্ষমতায় তো রাজনৈতিক দলগুলোই থাকবে। নির্বাচনের মাধ্যমে তারাই ক্ষমতায় আসবে। রাজনীতিতে গণতন্ত্র হচ্ছে সলিড ফাউন্ডেশন।’
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তেমনি কোন আশঙ্কা নেই। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। সত্যিকার অর্থে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। এরই মধ্যে দেশের সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করছে। তারা প্রচারণায় নেমেছে। মিছিল মিটিং করছে। বর্তমানে অর্ন্তবর্তীকালীন সরকারের আমলেই জাতীয় সংসদ নির্বাচন হবে।’
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে নির্বাচন কমিশন ভালো বলতে পারবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’
ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে যে প্রচারণা চলছে সে সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি পতিত সরকারের পচারণা। যারা পতিত সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারা এই ভুয়া কথা প্রচার করছেন। টকশোতে গিয়ে অসত্য কথা বলছেন। কিছু কিছু মিডিয়াও এগুলো প্রচার করছে।’
মফস্বল এলাকার সাংবাদিকদের অনেক মিডিয়া বেতন বা সম্মানী দেয় না উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘কিন্তু এসব মিডিয়া বড় বড় কথা বলেন। এমনকি কিছু সংখ্যক পত্রিকা আছে বিজ্ঞাপনের কমিশনের টাকা সঠিক সময়ে দেয় না। তারা একবারও চিন্তা করেন না সাংবাদিকরা কিভাবে চলবে। সারাদেশে কয়েক হাজার সাংবাদিক আছেন তারা শুধুমাত্র সাংবাদিক পেশায় জড়িত। তারা রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, শীত ও গরম উপেক্ষা করে সংবাদের পিছে ছুটেন। তাদেরই অবহেলা করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক বিষয়।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।


