জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথম নিহত ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডের বিরুদ্ধে চার আসামি খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করা হয়। আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আপিল আবেদনে অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম।
আপিলকারীরা হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী ওরফে আকাশ। এদের মধ্যে আমির হোসেন ও সুজন চন্দ্র রায় ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।
গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ ছাড়া মামলার বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ১১ জুন মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। পরে ঘটনাটি তদন্ত ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়।
গত বছরের ২৪ জুন তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। একই বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে প্রসিকিউশনের পক্ষে ২৫ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষ কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করেননি।


