বেনাপোল চেকপোস্ট নো-ম্যানস ল্যান্ডের একপাশে দাঁড়িয়ে রয়েছে কফিনবাহী অ্যাম্বুলেন্স। সীমানার এ প্রান্তে অপেক্ষায় রয়েছেন স্বজনরা। কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলের অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির কফিন শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
এই আগুনের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত তার অসুস্থ স্ত্রী আফসানা শারমীনের চিকিৎসার জন্য তিন বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত আর বৃদ্ধ শ্বশুর মো. আকরাম আলীকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন। আগুনে তারা চারজনই মারা গেছেন। আজ তাদের দেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্ত ও তার সন্তানকে শ্মশানে সমাহিত করা হবে, আর পাশে স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীকে দাফন করা হবে।
আগুনে নিহত অন্য তিন বাংলাদেশি হলেন সাভারের কসমেটিকস ব্যবসায়ী বাবু আহমেদ, সাতক্ষীরার কালিগঞ্জের এস এম আলিমুজ্জামান সাজু এবং একই জেলার রেবতী সরকার। তবে নিহত রেবতী সরকারের মরদেহ দেশে আনা হচ্ছে না। তার এক স্বজন মুঠোফোনে বলেন, ‘এখান থেকে নিয়ে গিয়ে আমরা নিমতলা মহাশ্মশানে সৎকারটা শেষ করব। এখানে আমাদের আত্মীয়-স্বজন আছেন। তারা বলছেন, তারাই সৎকারের ব্যবস্থা করবেন।’
এদিকে, আইনি প্রক্রিয়া শেষে মর্গে মরদেহ শনাক্ত করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। এ সময় তারা কলকাতার সেই হোটেলের অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। নিহতের এক স্বজন বলেন, ‘আমি যে পরিস্থিতি দেখেছি, এটা একচুয়ালি হোটেল বলা যাবে না, এটা কবরখানাই বলতে হবে।’
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, মরদেহগুলো শনিবার দুপুর নাগাদ বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করতে পারে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমিন বলেন, কলকাতা থেকে নিহত বাংলাদেশিদের মরদেহ আজ সকালে আসার কথা থাকলেও প্রক্রিয়াগত কারণে দুপুর নাগাদ পৌঁছাতে পারে। মরদেহ গ্রহণ ও দেশে প্রবেশের জন্য বন্দরের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত ১৯ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ভারতীয়সহ মোট নয়জনের মর্মান্তিক মৃত্যু হয়। কলকাতার আনুষ্ঠানিকতা ও আইনি কাগজপত্রের দীর্ঘ প্রক্রিয়া শেষে কফিনবাহী গাড়িগুলো সীমান্ত অভিমুখে রওনা হয়েছে, যেগুলো দুপুর নাগাদ দেশে এসে পৌঁছাবে।


