নতুন নেতৃত্বে টিম গঠন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রোববার সকাল ৯টায় মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। রদবদল স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে টিম গঠন করে কাজ এগিয়ে নিতে চাই।’
কাজের সুবিধায় সপ্তাহে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার কথা জানান তিনি। মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করাকে প্রথম কাজ হিসেবে উল্লেখ করেন।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয়ের কাজ গতিশীল করতে প্রচলিত আমলাতান্ত্রিক ব্যবস্থার বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগোতে হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর সফট ওপেনিং করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। জাপানি কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আগামী বছর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য কাজ করছি। বিমানের বহরে শিগগিরই ১০টি লিজ নেওয়া বিমান যুক্ত করতে পারব বলে আশা করছি।’
ঈশ্বরদী বিমানবন্দরে শিগগিরই ফ্লাইট চালুর কথা জানিয়ে মন্ত্রী বলেন, পাবনার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তেজস্ক্রিয় সামগ্রী পরিবহনের সুবিধায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
যশোর বিমানবন্দরে কমার্শিয়াল ফ্লাইট কমে যাওয়ায় ইউএস-বাংলার সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বগুড়া বিমানবন্দর নির্মাণে ফিজিবিলিটি স্টাডি চলছে। আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর আশা প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে মন্ত্রণালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


