সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার প্রেক্ষাপটে আবার দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা থেকে দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে, ওই অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও চলমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
স্থগিত হওয়া এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও পরিবর্তিত ফ্লাইটসূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটসমূহ সম্পূর্ণ স্বাভাবিক এবং পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরব আসা-যাওয়া করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত সহায়তার জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে প্রথমবার ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান। পরে স্থগিতের সময়সীমা বাড়ানো হয়। ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল বিমান। কিন্তু সেটি একদিন পিছিয়ে বৃহস্পতিবার থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর কথা জানানো হয়। সেই সূচি ধরে আজ সকাল আটটার দিকে একটি ফ্লাইট ঢাকা থেকে দাম্মামে পৌঁছায়। বুধবার রাতের হামলার পর নতুন করে তৃতীয় দফায় দুই রুটের ফ্লাইট স্থগিত করল সংস্থাটি।


