হামের উপসর্গ নিয়ে দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ওই শিশুরা মারা যায়। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২২৮ শিশু।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৃত তিন শিশুর কেউ নিশ্চিতভাবে হামে আক্রান্ত হননি তবে তাদের হাম সংক্রান্ত উপসর্গ ছিল।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৩৩ শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১৩১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৯৭। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬ শিশু, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৫০৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৩০ হাজার ৬০৯ রোগী, যাদের মধ্যে এক লাখ ২৫ হাজার ৯৭৫ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।


