খাগড়াছড়ির পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের একটি ভবন আগুনে পুড়ে গেছে। সদর উপজেলায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিদ্যালয়টির প্রায় ১৩০ ফুট লম্বা চার কক্ষবিশিষ্ট টিনসেড ভবনে আগুন লাগে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা ঘটনাস্থলে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্যার চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ আগুনে বিদ্যালয়ের প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশংকা করা হচ্ছে।
পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা জানান, রাতে বিদ্যালয়ের টিনসেড ভবনে আগুন লাগার খবর পান, সকালে গিয়ে দেখেন বিদ্যালয়ের সেমিপাকা ভবনটির চারটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, জরুরি সেবা নম্বরে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে।
আগুনে বিদ্যালয়ের একটি হলরুম, সংগীত চর্চারুমসহ চারটি কক্ষ পুড়ে গেছে। সেমিপাকা ভবনটির ছাদ বেড়ার হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তদন্ত করে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


