তেহরান সমঝোতার পথে না এলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির খবরে একথা জানানো হয়েছে।
আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে উল্লেখ করে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘তখন ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হবে। এরপর সেতুগুলোতেও হামলা চালানো হবে।’
তিনি হুমকি দিয়ে বলেন, ‘আলোচনার টেবিলে এসে তারা সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেব।’
টানা চতুর্থ দিনের মতো মার্কিন বাহিনী ইরানে হামলা চালিয়েছে এবং দেশটির বন্দরগুলোয় আবার নৌ অবরোধ আরোপ করেছে, এর মধ্যেই এমন মন্তব্য করলেন ট্রাম্প।
দুই পক্ষের মধ্যে গত ১৭ জুন কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে উভয় পক্ষের সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ।
যুক্তরাষ্ট্রের হামলা কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইরানের ওপর হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তিনি তা বন্ধ করার সিদ্ধান্ত নেন।


