ঢাকার বংশালে আলু বাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে গুলিস্তান আলু বাজারের ‘আরমান সেলুনে’ এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সেলুনের স্টাফ সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭)। কাস্টমার মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।
দগ্ধ রফিকুল ইসলাম জানান, গুলিস্তানে তার একটি লোকাল গার্মেন্টস রয়েছে। চুল কাটাতে তিনি রাতে সেলুনটিতে গিয়েছিলেন। রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে হঠাৎ করেই সেলুনের এসি বিকট শব্দে নিচে পড়ে যায়। এর দুই সেকেন্ড পরই ভয়াবহ আরেকটি বিস্ফোরণ হয়। এ সময় সেলুনের ভিতরে থাকা সবাই দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ পেয়ে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, বংশাল আলু বাজার এলাকা থেকে দগ্ধ হয়ে ১০ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে অবজারভেশনে রাখা হয়েছে।


