গাজীপুর মহানগরীর গাছায় একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম আজাদ ‘সাদিয়া জুয়েলার্স’-এর মালিক। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার ভোলাইন গ্রামে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাধারণত প্রতিদিন সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন আজাদ। তবে রোববার দুপুর পর্যন্ত দোকান বন্ধ থাকায় আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আবুল কালাম আজাদের গলা কাটা লাশ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে জুয়েলারি ব্যবসায়ী আবুল কালাম আজাদের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যার রহস্য দ্রুত উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।


