চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক বিভাজকের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের প্রয়াত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তার মেয়ে জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪২)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
আহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. আলতাফ হোসেন (৫২)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাইক্রোবাসটি সজোরে সড়ক বিভাজকে ধাক্কা দেয়।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামান বলেন, যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের সামনে একটি আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রী মা ও মেয়ে নিহত হন। একই গাড়িতে থাকা আরও চারজন আহত হন।
তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


