ভারতের কলকাতায় হোটেলে আগুন লেগে মারা যাওয়া আরও দুজনের পরিচয় মিলেছে। তারাও বাংলাদেশি নাগরিক। এ নিয়ে আগুনে প্রাণ হারানো বাংলাদেশির সংখ্যা দাঁড়াল সাতজনে।
গত মঙ্গলবার রাত ২টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে হোটেল ‘শিখা ইন’-এ আগুনের ঘটনা ঘটে। আগুনে এ পর্যন্ত নয়জন মারা গেছেন, আহত হয়েছেন ছয়জন। নিহতদের বাকি দুজন ভারতীয় নাগরিক।
মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে চারজন কুষ্টিয়ার বাসিন্দা। তারা হলেন- দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬০)। চিকিৎসার উদ্দেশ্যে তারা ১৫ দিন ধরে কলকাতায় অবস্থান করছিলেন।
আগুনে মারা গেছেন ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবু (৩৭)।
এ ছাড়া সাতক্ষীরার কালিগঞ্জের এসএম আলিমুজ্জামান ও রেবতী সরকারও আগুনে প্রাণ হারিয়েছেন। বুধবার রাতে তাদের নিজ এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি নিশ্চিত করেছেন নিহতদের একজনের পরিবারের সদস্যরাও।

আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ঘের ব্যবসায়ী। একই উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকারের সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিহত সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, গত পাঁচ-ছয়দিন আগে সাজু কোমরে ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। বুধবার তার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে পরিবার খবর পায় হোটেলে অগ্নিকাণ্ডে তিনি মারা গেছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।


