কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) ও তার সহযোগী আব্দুল হাফেজকে (২২) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আরসার কমান্ডার এবং তার এক সহযোগী ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অবস্থান করার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরসার সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সূত্র জানায়, গ্রেপ্তার মোহাম্মদ আলম ওরফে মুছা উখিয়া থানার একটি হত্যা মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ আলম ওরফে মুছা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার দুইজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জনিয়েছেন এপিবিএন পুলিশের অধিনায়ক সিরাজ আমিন।


