চট্টগ্রামের বায়েজিদ এলাকায় বাসের চাপায় দুই গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বায়েজিদ থানার বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে অরুণ দাশ (৫৯) এবং আজিজুল হক জিপসি (২২)। তদের একজন অরুণ ভিজুয়াল গার্মেন্টসে কাজ করতেন এবং অন্যজন আজিজুল গার্মেন্টসের গাড়ির শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এ সময় হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অরুণ দাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আজিজুল হক জিপসিকে পরে রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


