জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোতে সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় নিখোঁজ মার্কিন সেনার মৃত্যু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সেই সঙ্গে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে সোমবার টানা নবম রাতের মতো ইরানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এতে নতুন করে শুরু হওয়া ওয়াশিংটন-তেহরান সংঘাতে নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে। আর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ১৭ মার্কিন সেনা। এ ছাড়া আহত হয়েছেন ৪২০ জনের বেশি।
সেন্টকমের বরাতে রোববার বার্তা সংস্থা রয়টার্স ও এপির খবরে বলা হয়, শনিবার উত্তর ইরাকে একজন মার্কিন সেনা নিহত হয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। ভূপাতিত করা একটি ইরানি ড্রোনে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংস করার সময় ওই সামরিক সদস্য নিহত হন বলে মনে করছে ওয়াশিংটন।
এর আগে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
রোববার এক বিবৃতিতে সেন্টকম জানায়, শুক্রবারের হামলাস্থল থেকে ‘অজ্ঞাতপরিচয় দেহাবশেষ’ পাওয়া গেছে। দেহাবশেষগুলোর পরিচয় নিশ্চিত করতে পরীক্ষা চলছে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানি সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্র ‘নতুন দফার হামলা’ শুরু করেছে।
রোববার রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখে ফেরার পর সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ রাতেও আমরা তাদের ওপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হেনেছি। শুক্রবারের পর থেকে নিহত মার্কিন সামরিক সদস্যদের সম্মানে আমরা এটি করেছি।’
ইরানের আধা সরকারি তাসনিম বার্তা সংস্থাও সোমবার ভোরে দেশটির বেশ কিছু শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে। তাসনিমের তথ্য অনুযায়ী, তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জবাবে সিরিয়ার আল-তানফ এলাকায় ‘শত্রুপক্ষের বিশেষ অভিযান সদর দপ্তরে’ আকস্মিক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপস (আইআরজিসি)।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন রোববার ভোরে জানায়, কুয়েতের আল-আদিরি শিবির ও আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সম্পদ ও সরঞ্জাম লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি।
গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সম্পদ ও মিত্রদের বিরুদ্ধে পরিচালিত হামলার অংশ হিসেবে ইরান এর আগেও ওই দুই ঘাঁটিতে আঘাত হেনেছিল।
কুয়েত সরকার জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো দেশটির একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায়। কুয়েত সরকার ঘটনাটিকে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি হামলা হিসেবে বর্ণনা করেছে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরকে দায়ী করে আবারও প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ফের কার্যত বন্ধ হয়ে গেছে।
যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর সামুদ্রিক অভিযান কেন্দ্র রোববার রাতে জানায়, ওমানের উপকূল থেকে বেশি দূরে নয়—এমন একটি স্থানে একটি জাহাজে তারা আগুন লাগার খবর পেয়েছে। তবে আগুন লাগার কারণ যাচাই করতে পারেনি সংস্থাটি।
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার জেরে সোমবার বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশ বেড়ে যায়। ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ছাড়িয়ে যায় ৯০ মার্কিন ডলার, যা গত ১১ জুনের পর সর্বোচ্চ দাম।


