বগুড়ায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় বগুড়া সদরের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষাথীর নাম কানিজ ফাতেমা সোহা (১৪)। সে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। নিহত সোহা সদরের খামারকান্দি পশ্চিমপাড়ার শফিকুল ইসলামের মেয়ে।
স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরুপ রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। বিকাল সোয়া ৫টায় পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরেই কানিজ ফাতেমা সোহা মারা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়রা বলছেন, দুর্ঘটনাস্থলের পাশেই ইটভাটা রয়েছে। ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কের একপাশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। বেশিরভাগ সময়ই ওই স্থানে ইট রাখা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুুলিশ গিয়েছে। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


