ভারতের ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান-উইনার ডুবে গেছে। জাহাজটিতে ২৪ নাবিক ছিলেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি, ২০ জন চীনা ও তিনজন মিয়ানমারের নাগরিক। দুর্ঘটনার পর লাইফ র্যাফট থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় জাহাজটি। এতে ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল। ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে যাওয়ার পর জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে বিষয়টি জানতে পারে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার। পরে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তা চায়।
নাবিকদের উদ্ধারে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান শুরু করেছে। অভিযানে কোস্ট গার্ডের ভারাদ ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। শ্রী বিজয়পুরম থেকে বিজিত নামের আরও একটি জাহাজ উদ্ধারকাজে যুক্ত হয়েছে।
দুর্ঘটনাস্থলের আশপাশের জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তার জন্য তাদেরও অনুরোধ জানানো হয়েছে বলে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা।


