দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সাদাত মো. শাহিন ওরফে মোল্লা শাহীনকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনাচারের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পদ্মা নদীর বালুমহাল ও নৌপথে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে হরিরামপুরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ, হামলা, পাল্টাপাল্টি মামলা ও কর্মসূচির ঘটনা ঘটে। গত ২১ আগস্ট হামলা, মারধর ও অর্থ লুটের অভিযোগে মামলা হয়। ২৪ আগস্ট শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও লুটপাটের অভিযোগে উপজেলা চত্বরে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়। পরে শাহিনের নেতৃত্বে তার সমর্থকরা থানার সামনে পাল্টা অবস্থান নেন। তারপরই তাকে বহিষ্কার করা হলো।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, ‘কারও ব্যক্তিগত দায় দল নেবে না। দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকায় হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে বহিষ্কার করা হয়েছে।’
বহিষ্কৃত আবু সাদাত মো. শাহিন বলেন, ‘আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আমি মিডিয়া ট্রায়ালের শিকার।’


