দলীয় মনোনয়কে কেন্দ্র করে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ, দলের কার্যালয় ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেরপুর জেলা ও গাংনী বিএনপির সভাপতিসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আফাজ উদ্দিন কালু, মেহেরপুর যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী এবং গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার সকালে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে মেহেরপুর জেলাধীন গাংনীতে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী বাজার এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধ,পার্টি অফিস ভাংচুরসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’


