লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মাওলানা আব্দুল আহাদ। তিনি স্থানীয় পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসার প্রধান হিসেবে কর্মরত।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারসংলগ্ন দিঘলী রাস্তার মাথা এলাকার মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ওই শিশু শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক মাওলানা আব্দুল আহাদ তার ব্যক্তিগত (খাস) কক্ষে ডেকে নেন। সেখানে তিনি শিশুটিকে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করেন।
ঘটনার পরদিন রোববার ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে যায় এবং তার মাকে পুরো বিষয়টি খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা ঘটনাটি পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে রাতেই পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এই ঘটনায় রাতেই নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় মাওলানা আব্দুল আহাদকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


