আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে আলোচনায় বসবে।
বর্তমান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, যেহেতু তাজুল ইসলাম প্রসিকিউশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই ট্রাইব্যুনালের সার্বিক পরিবেশ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য জানতে তার সঙ্গে আলোচনা করা প্রয়োজন। বুধবার টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।
তদন্তের মূল বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবার থেকে কোটি টাকা দাবির অভিযোগ।
জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ফজলে করিমকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার এই অর্থ দাবি করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন অপর এক প্রসিকিউটর সুলতান মাহমুদ।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আরও জানান, সাইমুম রেজা তালুকদার ইতোমধ্যে টেলিফোনে এই বিষয়ে কথা বলার বিষয়টি স্বীকার করেছেন এবং তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।
গত ১০ মার্চ গঠিত এই কমিটি চলতি মাসের মধ্যেই তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা এসব গুরুতর অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণই এই কমিটির মূল লক্ষ্য।


