সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ময়মনসিংহের মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মত ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করেন।
তিনি জানান, খুব কষ্ট করে ঢাকা থেকে ভোট দিতে এসেছেন। কিন্তু এই ভোট দেওয়াটা তার জন্য খুবই দুঃখের। কেননা মধ্য বয়সে তিনি প্রথম ভোট দিয়েছেন। কদিন পরে তার মেয়ে রোদেলা ভোটার হবেন।
প্রথম বারের ভোটটি তার পছন্দের প্রার্থীকেই দিয়েছেন বলে জানান ন্যান্সি।
তিনি বলেন, প্রথমবার ভোট পারিনি অসুস্থতার কারণে। পরে যতবার ভোট হয়েছে কোনোবারই ভোটের পরিবেশ ছিল না। আঁধারে ভোট হয়েছে। সেই ভোট দিতে যাইনি। ২০১৮ সালে ভোট দিতে চেষ্টা করেছিলাম। কিন্তু কেন্দ্রে এসে দেখি লাল কাপড়ে ঢেকে রাখা হয়েছে। সে কারণে ভোট দেয়ার সুযোগ হয়নি। এবার মধ্য বয়সে এসে প্রথমবার ভোট দিতে পারছি।
ভোটের পরিবেশ দেখে বেশ খুশি ন্যান্সী। তিনি বলেন, এখানে সবাই অনেক হেল্পফুল। মনে করছিলাম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে বা ঝামেলা হতে পারে। যেকারণে উদ্বিগ্ন ছিলাম। রাতভর ঘুম হয়নি। কিন্তু এখন দেখছি তেমন কিছু হয়নি, খুবই শান্তিপূর্ণ পরিবেশ। আজকের দিন শেষে যদি কোনো অঘটন না ঘটে তাহলে আগামীকালই দেশের মানুষ নতুন করে ভাববে। সেটা দেখার অপেক্ষা করছি।


