বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক পদ্ধতির দিকে অগ্রসর হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের উত্তর কাট্টলি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।
যাদের অবদানের কারণে বাংলাদে গণতান্ত্রিক পরিবেশে ফিরেছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন পোলিং স্টেশনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর আবহ লক্ষ্য করা যাচ্ছে। সার্বিকভাবে কেন্দ্রগুলোতে ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনে কোনো পক্ষপাতমূলক পরিবেশ চোখে পড়েনি।’
গণতন্ত্রের প্রসঙ্গে আমীর খসরু বলেন, `এই ভোট দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচনের সুযোগ পাচ্ছে এবং সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।’
এসময় তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা স্মরণ করেন।


