জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামের বাইরে সংঘর্ষের ঘটনায় তথ্য ও ভিডিও ফুটেজ আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। আগামী ১১ আগস্ট বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্টদের তথ্য ও ভিডিও ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
শুক্রবার তদন্ত কমিটির আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তফা হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয়। এ ছাড়া জুলাই শহীদ একরামুল হক সাজিদের মা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভা চলাকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামের বাইরে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটি জানিয়েছে, ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য বা ভিডিও ফুটেজ থাকলে তা [email protected] ঠিকানায় পাঠানো যাবে। তথ্য বা ভিডিও পাঠানোর ক্ষেত্রে তথ্যদাতাকে নিজের পরিচয় উল্লেখ করতে হবে। তবে তার পরিচয় গোপন রাখা হবে।


