ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও টাইমস অব বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মো. কামরুজ্জামান খানের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, কামরুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলায় তাকে ১৮ নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় ৪০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, মামলার এজাহারে কামরুজ্জামানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তার কথিত সম্পৃক্ততার বিষয়ে কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে, তা স্পষ্ট নয়। কোনো সাংবাদিককে হয়রানি বা পেশাগতভাবে চাপে ফেলার উদ্দেশ্যে মামলা ব্যবহার করা হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
তারা আরও জানান, কামরুজ্জামান খান দীর্ঘদিন ধরে সাভারে বসবাস করেন না। এ অবস্থায় সাভারে সংঘটিত একটি ঘটনায় তাকে আসামি করার বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দেখা প্রয়োজন। কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য-প্রমাণ ছাড়া হয়রানিমূলক পদক্ষেপ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন।
নেতারা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে কামরুজ্জামানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
একজন সাংবাদিককে কোনো ধরনের হয়রানি না করা এবং তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।


