ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ভোট গণনা অনুযায়ী, ১৯৫ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল এগিয়ে রয়েছে ৯৫ আসনে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠন করতে হলে ১৪৮ আসনে জয় পেতে হবে।
প্রাথমিক ফলাফলে জানা গেছে, শীতলকুচি, কালিম্পঙে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে গঙ্গারামপুর, বালিগঞ্জ, চৌরঙ্গীতে এগিয়ে তৃণমূল।
পশ্চিমবঙ্গে দুই দফার এই বিধানসভা নির্বাচন গত ২৯ এপ্রিল শেষ হয়েছে। কিন্তু ফল গণনার দুই দিন আগে ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৫ কেন্দ্রে আবার ভোটগ্রহণ করা হয় ২ মে। অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই ভোট গণনা চলছে ২৯৩ আসনে।
নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে- এবার রাজ্যে রেকর্ডসংখ্যক প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা প্রায় ছয় কোটি ৮১ লাখ। প্রথম দফায় গত ২৩ এপ্রিল প্রায় ৯৩ শতাংশ এবং দ্বিতীয় দফায় প্রায় ৯১ শতাংশ ভোটার ভোট দেন।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস


