নেত্রকোনা শহরের বড়বাজার বাণিজ্যিক এলাকায় একটি প্লাস্টিকের খেলনার দোকানে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ওই দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আশপাশের আরও কয়েকটি দোকান, একটি ব্যাংকের ছাদ ও বাণিজ্যিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, প্লাস্টিকসহ দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। তাদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে বড়বাজারের বেশ কয়েকটি দোকান ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


