বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে তিনি মির্জা ফখরুল সফলভাবে তার দায়িত্ব পালন করবেন বলে গভীর আস্থা প্রকাশ করেছেন।
শুক্রবার দেওয়া এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
মুর্মু আশাবাদ ব্যক্ত করে বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে।
ভারত ও বাংলাদেশের সম্পর্ককে অনন্য আখ্যা দিয়ে তিনি বলেন, অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করেই দুই দেশের এই মেলবন্ধন গড়ে উঠেছে।
ভারতের রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা প্রযুক্তি, শক্তি ও জ্বালানি, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা এবং যুব কার্যক্রমসহ বিভিন্ন খাতে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।
দুই দেশের ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মুর্মু।
একই সঙ্গে তিনি রাষ্ট্রপতি ফখরুলের ব্যক্তিগত সুস্বাস্থ্য, সুখ ও সফল মেয়াদের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


