চট্টগ্রাম নগরের প্রবর্তক এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরাজ, মামুন, অপু দাস, জমশেদ ও জাহিদ হাসান।
এ সময় আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্রলীগের কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘প্রবর্তক এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে পাঁচজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


