মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে শিগগির চালু হতে যাচ্ছে ফ্রিল্যান্স ভিসা সিস্টেম। এই ব্যবস্থায় নির্দিষ্ট ফি পরিশোধ করে স্পন্সর ছাড়াই ইকামা নিতে পারবেন প্রবাসীরা এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন।
কুয়েত সরকার দেশটির শ্রমবাজারকে আরও সংগঠিত ও স্বচ্ছ করার লক্ষ্যে এই নতুন ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এটি কার্যকর হলে দীর্ঘদিন ধরে চলা ভিসা-ট্রেডিং ও অবৈধ লেনদেনের সমস্যা কমে আসবে।
বর্তমান ব্যবস্থায় অধিকাংশ প্রবাসীকেই কাজের জন্য স্থানীয় কোনো মালিক বা স্পন্সরের অধীনে থাকতে হয়। এতে অনেক সময় ভিসা বাণিজ্য ও দালালচক্রের কারণে শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। নতুন ফ্রিল্যান্স ভিসা চালু হলে নির্দিষ্ট কোনো নিয়োগকর্তা ছাড়াই কাজ করা যাবে।
প্রাথমিকভাবে জানা গেছে, এই ভিসার জন্য বছরে ৭৫০ থেকে ১ হাজার কুয়েতি দিনার পর্যন্ত ফি নির্ধারণ করা হতে পারে। আবেদনকারীদের নির্দিষ্ট নিয়ম মেনে ঠিকানা, ই-মেইল ও পরিচয় সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। আগামী দুই মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু হতে পারে।
এটি কার্যকর হলে প্রবাসীদের আর দালাল বা ভিসা ব্যবসায়ীদের মাধ্যমে ইকামা নিতে হবে না। সব প্রক্রিয়া ও নির্ধারিত ফি সরাসরি সরকারের মাধ্যমে সম্পন্ন হবে।
প্রবাসীদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দালালদের দৌরাত্ম্য কমবে এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। শ্রমবাজারে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


