জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার নিজাম উদ্দিনকে ‘কারণ দর্শানো নোটিশ প্রেরণ ও বহিষ্কার আদেশ প্রদান’ বিষয়ক এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ আজকের তারিখ হতে কার্যকর হবে।’
‘একই সঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না–তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো,’ বলেও চিঠিতে বলা হয়।

এর আগে শনিবার এনসিপির ৩২ সদস্যের চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও সাবেক ছাত্রনেতা মীর আরশাদুল হক। এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চট্টগ্রাম মহানগরের ৩২ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ৮ জনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। এ ছাড়া ২৩ জনকে সদস্য করা হয়েছে। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় এনসিপি।
কমিটির যুগ্ম সমন্বয়কারী আটজন হলেন- মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, জসিম উদ্দিন ওপেল, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান ও নিজাম উদ্দিন।


