কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট গ্রামে রাস্তা নিয়ে বিরোধে জাহিদুল ইসলাম জিন্নাত (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী গ্রামীণ রাস্তাটি সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। তবে রাস্তার মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে প্রতিপক্ষের শাবলের আঘাতে জাহিদুল ইসলাম জিন্নাত গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ‘রাস্তা নিয়ে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত। ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। অভিযোগ পাওয়ার পর হত্যা মামলা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


