ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জােনা গেছে গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম হাবিব হোসেন (৪৫)। গুরুতর আহত হয়েছেন তার আপন ছোট ভাই সুমন হোসেন (৪০)। তাদের বাড়ি যশোর সদর উপজেলার আরবপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে স্থানীয় নিলুফা ইয়াসমিন নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে তালা ভেঙে বাইরে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, সেখানে থাকা দুটি গরুর একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গরু পাওয়া যায়। পরে গ্রামের রাস্তায় অজ্ঞাত দুইজনকে ধরে গ্রামের লোকজন গণপিটুনি দেয়। এসময় একজন মারা যান। আহত হন আরেকজন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-সদর সার্কেল) মো. মাহফুজ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গণপিটুনিতে নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


