যশোরের মনিরামপুর উপজেলায় বাঁওড়সংলগ্ন জলাবদ্ধ পাটখেতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাজরাকাটি গ্রামের দাসপাড়া মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো হাজরাকাটি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৬) ও মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১০)। তারা হাজরাকাটি মহিলা আলিম মাদ্রাসার প্রথম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য আবুল হাসান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে পারখাজুরা বাঁওড়ের আগাড়ে জলাবদ্ধ পাটখেতে চার-পাঁচ শিশু শাপলা তুলতে নামে। একপর্যায়ে ইয়াসমিন পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে জিসানও ডুবে যায়।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ইয়াসমিন প্রথম শ্রেণিতে ও জিসান চতুর্থ শ্রেণিতে পড়ত।


