বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল।
রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।
একটি সূত্র জানিয়েছে, আলোচনার মূল বিষয় ছিল মূল্য সংযোজন করের হরমোনাইজেশন ও ছাড় হ্রাস বা বিলোপের নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, করপোরেট কর বৃদ্ধি করে জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত উন্নত করা, ব্যাংকিং খাতের সংস্কার এবং সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, করব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার জরুরি। বিএনপি বিশ্বাস করে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।
বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আইএমএফ প্রতিনিধিদল বিএনপির প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার ও সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিএনপির সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। বিএনপির পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রতিনিধিদলে আরও ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জিয়াউদ্দিন হায়দার ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


