শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজিতে ওস্তাদ: হাসনাত

শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজিতে ওস্তাদ: হাসনাত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনসিপির জুলাই সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘২০২৬ সালের শিক্ষার্থীরা আপনাদের স্ট্যান্টবাজি মেনে নেবে না। এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটু ও বুক সমান পানিতে ডুবিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছেন আপনারা। পরীক্ষার প্রশ্নে দুটি সৃজনশীল ভুল ছিল। ভুল প্রশ্নে উত্তর মেলাতে না পেরে পরীক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে, অথচ আপনারা দুঃখ প্রকাশ করেননি।’

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এই শিক্ষার্থীদের রাস্তায় নামার কারণেই আপনারা শিক্ষামন্ত্রী হয়েছেন। শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ ও লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে বলে পরের সন্তানদের নিয়ে ছিনিমিনি খেলবেন, তা এই দেশে আর হতে দেওয়া হবে না।’

এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নিলে আপনাদের পাটাতন শক্ত থাকবে না।’

আরও পড়ুন

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘রাজনৈতিক ছত্রছায়ায় দেশে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। বসুন্ধরা গ্রুপ ভূমিদস্যুতা ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে। তাদের মিডিয়া সন্ত্রাসীরা ভূমিদস্যু, চাঁদাবাজ ও ধর্ষকদের পক্ষে কাজ করছে। নদী ও খাল দখলের পাশাপাশি সাধারণ ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার। হকার ও রিকশাচালকদের উপার্জনের একটি বড় অংশ বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্থানীয় এমপিদের চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির শাসন বেশিদিন টিকবে না।’

চট্টগ্রামের বন্যা দুর্গত অঞ্চলে সরকারি সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেন তিনি। রাজস্ব খাতে বড় ভূমিকা রাখা সত্ত্বেও অঞ্চলটিতে কম বরাদ্দের সমালোচনা করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দম্ভভরে বলেছেন, সংবিধান সংস্কার কমিটি সংবিধানে নেই। এটি না থাকলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। তখন আপনাদের অবস্থান থাকত শিলং কিংবা লন্ডনে। ছাত্র-জনতা এই সংবিধানের বিরুদ্ধেই রাস্তায় নেমেছিল। আপনারা ছাত্র-জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি সরকার, আপনারা বুঝতে পেরেছেন আপনাদের পায়ের তলায় মাটি নেই।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও মহানগরের আহ্বায়ক শওকত আলী। এর আগে নেতা-কর্মীরা জুলাই পদযাত্রা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর