জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়ন বাতিলের জন্য হাইকোর্টে রিট করেছে জুলাই ঐক্য।
জুলাই ঐক্যের পক্ষে সোমবার বিকালে রিট আবেদন করেছেন জুলাই ঐক্যের সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ।
জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফারাজী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, সোমবার দুপুরে জুলাই ঐক্যের সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ রিট আবেদন করেন।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ২৯ ডিসেম্বর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজও ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে শেষ হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের আপিলের সময়সীমা ১১ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।


