যৌতুকের দাবিতে গৃহবধূর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের দীর্ঘ নয় বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আমেনা খাতুন (২৮) নামের এক নারী। শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়ে আদিতমারী থানায় ফের লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের ভাই জাকির হোসেন। এর আগে এসিড নিক্ষেপের ঘটনায় ২০১৭ সাল থেকে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার আফজাল হোসেন আপনের সঙ্গে আমেনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর নিয়মিত নির্যাতন চালানো হতো। দাবি করা টাকা না পেয়ে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নিজ শয়নকক্ষে আমেনার গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করা হয়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ ও গুরুতর আহত হন।
ঘটনার পর নিহতের ভাই জাকির হোসেন বাদী হয়ে লালমনিরহাট আদালতে একটি মামলা দায়ের করেন, যা এখনো বিচারাধীন।
দীর্ঘ ৯ বছর ধরে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ আগস্ট তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট সকাল ১০টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর পর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায় স্বজনেরা। পরিবারটির পক্ষ থেকে ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজিব জানান, হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


