গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে অভিযান চালানোর সময় হাইওয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন কমিউনিটি পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চার অটোরিকশাচালককে আটক করেছে থানা পুলিশ।
শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানোর সময় কয়েকটি অটোরিকশা আটক করে হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশাচালকরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে দায়িত্বে থাকা তিন কমিউনিটি পুলিশ সদস্য গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হামলায় জড়িত থাকার সন্দেহে চার অটোরিকশাচালককে আটক করা হয় এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


