খুলনা নগরী ও এর উপকণ্ঠে ১২ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে খুলনা নগরীর নিরালা ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামের এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। আহত সালমান ১৬ নম্বর রোডের জাহাঙ্গীরের ছেলে এবং পেশায় ক্যামেল সিগারেট কোম্পানির একজন কর্মচারী।
স্থানীয়রা জানিয়েছেন, ১৭ নম্বর রোডে ক্যামেল সিগারেট কোম্পানির অফিসের সামনে কাজ করার সময় একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামের এক ছাত্রদল নেতা গুরুতর আহত হন। তিনি বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে এবং ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল কর্মী।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোহেল শেখ মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


