এসএসসির ফলে এবারও এগিয়ে ছাত্রীরা 

এসএসসির ফলে এবারও এগিয়ে ছাত্রীরা 
ফলাফল দেখছে এসএসসি পরীক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

এসএসসি ও সমমান পরীক্ষার ফলে জিপিএ-৫ ও পাসের হারের নিরিখে অন্য বছরগুলোর মতোই এবারও মেয়েরা এগিয়ে আছে। এদেশের ১১টি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। আর ছাত্রদের পাসের পার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। এবার উত্তীর্ণ ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর পাসের সংখ্যা বেশি।

সোমবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।

চলতি বছরের ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। আর কারিগরি শিক্ষা বোর্ডে ১৪ মে ও মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা শেষ হয়েছে ২৪ মে।

পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।

এ বছর মোট ৯ লাখ ১১ হাজার ছাত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন পাস করেছে। এতে মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ।

অন্যদিকে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র এ পরীক্ষা অংশ নিলেও পাস করেছে ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। এবার পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন এবং ছাত্রী ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ছাত্রীদের চেয়ে ৫ হাজার ৯০৩ জন বেশি।

আরও পড়ুন

পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা বেশি হলেও উত্তীর্ণের সংখ্যায় মেয়েরা অনেক এগিয়ে। এবার ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র এবং ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ছেলেদের চেয়ে ৭৭ হাজার ১ জন বেশি মেয়ে পাস করেছে।

ছাত্রীরা জিপিএ-৫ পাওয়াতেও এগিয়ে রয়েছে । এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের বিভাগভিত্তিক ফলাফলেও মেয়েদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে। বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ, আর ছাত্রীদের ৮৩ দশমিক ৭০ শতাংশ। মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ, ছাত্রীদের ৫৪ দশমিক ৩৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ, আর ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ।

অর্থাৎ তিনটি বিভাগেই মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। সবচেয়ে বেশি ব্যবধান মানবিক বিভাগে—এখানে ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি।

সামগ্রিকভাবে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে সামগ্রিক পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

এদিকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী মঙ্গলবার থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ করা হবে ১৭ আগস্ট পর্যন্ত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad