রাড্ডা ক্লিনিকে হামলায় এমপির সংশ্লিষ্টতার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপির সংশ্লিষ্টতার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একজন এমপির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

রাড্ডা ক্লিনিকের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মিরপুরের ঘটনায় একজন সংসদ সদস্যের নাম এসেছে। ওই সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করে দেখছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ছাড় দিচ্ছে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চাঁদাবাজদের কোনো নতুন তালিকা করা হয়নি, আগের তালিকাই হালনাগাদ করা হয়েছে। বিএনপিকে উদ্দেশ করে কেউ চাঁদাবাজির অভিযোগ করলে সেটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলা হবে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তি চাঁদা দাবি করলে সেটির সঙ্গে পুরো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা ঠিক নয়।

সারা দেশে দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক নজরদারি থাকবে। পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে পূজা হবে ২৫৯টি মণ্ডপে। এসব মণ্ডপে কঠোর নিরাপত্তার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

পূজা উদযাপন পরিষদের নেতারা কয়েকটি মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর এবং কয়েকজনকে হয়রানির অভিযোগ বৈঠকে তুলে ধরেন। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয়।’

এ সময় পূজা উদযাপন কমিটির দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়েছেন বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বছর দুর্গাপূজা উপলক্ষে মোট পাঁচ দিনের ছুটি পাবে মানুষ।

মিরপুরে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, মিরপুরে হকাররা যে ঘটনা ঘটিয়েছে সেখানে সিটি কর্পোরেশনের পুলিশের সঙ্গে সমন্বয়ের অভাব ছিল।

বৈঠক শেষে পূজা উদযাপন পরিষদের নেতা সন্তোষ শর্মা কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুর এবং অবৈধভাবে গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad