বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মানুষ জীবন দিলেও দেশের মানুষের মুক্তি মেলেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
মঙ্গলবার আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পীর চরমোনাই বলেন, ‘যে নীতিতে দেশ পরিচালিত হচ্ছে, তাতে স্বাধীনতার হীরকজয়ন্তী ও শতবর্ষ উদযাপন করলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।’
তিনি বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম, খুনসহ সামাজিক অনাচার দিন দিন বাড়ছে। এসব দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন দলকে জনগণ ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে। কিন্তু কেউই বিদ্যমান নীতিতে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন করতে পারেনি। সবাই নির্বাচনী ইশতেহার ভুলে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে।’
‘ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নে কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ।’
আইএবির মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজি থাকবে না বলে আশা করেছিলাম। কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাচ্ছে না।’
তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে এখনো তালবাহানা করছে বিএনপি সরকার। এভাবে চললে জনবিস্ফোরণ হতে সময় লাগবে না।’
তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন এজেন্ডা নেই। আমরা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চাই।’
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে নেতাকর্মীদের ছড়িয়ে পড়তে হবে। শরিয়াহর পক্ষে জনমত গড়ে তুলুন। ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডগুলো থেকেই শরিয়াহর বিজয় শুরু হবে।’
ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, ‘জনগণ আমাদের নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলব।’
সম্মেলনে আরও বক্তব্য দেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ নগর কমিটির নেতারা।


