দৈনিক নবচেতনা পত্রিকার ফটোসাংবাদিক বাদল দাস (৫০) নিখোঁজ হয়েছেন। গত সোমবার থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবার ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
বুধবার এ ঘটনায় বাদলের বন্ধু ও রুমমেট ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবু পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ‘ফটোসাংবাদিক বাদল দাস নিখোঁজের বিষয়ে থানায় একজন জিডি করেছেন। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তার সন্ধান নিশ্চিত করার চেষ্টা চলছে।’
সহকর্মীরা জানান, নিখোঁজের পর বাদল দাসের ব্যবহৃত মোবাইল ফোনটি তার কক্ষে পড়ে থাকতে দেখা যায়। এরই মধ্যে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বাদল দাস ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।
বিষয়টি জানার পর তার রুমমেট ফোজিত শেখ বাবু মতিঝিল থানায় এবং ডিবি কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাদল দাসকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ডিবি কার্যালয় থেকেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ডিবি পরিচয়ে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটিতে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বাদল দাস পটুয়াখালী সদর থানা এলাকার ৩৫ সদর রোড নতুন বাজার গ্রামের বাসিন্দা বাসু দেব দাসের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর গুলিস্তানে শিশুকল্যাণ পরিষদ ভবনে বসবাস করছিলেন।


