সেপ্টেম্বরে নির্যাতন ও হয়রানির শিকার ৩৫ সাংবাদিক

সেপ্টেম্বরে নির্যাতন ও হয়রানির শিকার ৩৫ সাংবাদিক
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির লোগো। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

গত সেপ্টেম্বরে সারা দেশে অন্তত ২০টি ঘটনায় নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৩৫ জন সাংবাদিক। তাদের মধ্যে ১৬ জন আহত হয়েছেন, ১২ জন লাঞ্ছিত হয়েছেন এবং তিনজন হুমকির শিকার হয়েছেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগঠনটির সংগ্রহ করা তথ্য ও অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে সেপ্টেম্বরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, কারাগারে মৃত্যু, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে।

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ছয়টি সভা ও সমাবেশ আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি বা পরোক্ষভাবে বাধা দিয়েছে। এসব ঘটনায় ৪৭ জন আহত হয়েছেন।

মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অন্তত ১২টি ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। দায়ের করা ১২টি মামলায় অন্তত ২৬ জনকে আসামি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই, মাদক ও বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট ঘটনায় তিনজনকে কুপিয়ে, পিটিয়ে বা আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। একজনকে নির্যাতন করা হয়েছে এবং ছয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে বা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সেপ্টেম্বরে দেশের কারাগারগুলোতে অন্তত ২১ জন বন্দীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন কয়েদি ও ১০ জন হাজতি। মৃত ব্যক্তিদের মধ্যে দুজন আওয়ামী লীগের এবং বাকি ১৯ জন সাধারণ বন্দী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও নির্যাতনে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নির্যাতনে এবং দুজন হেফাজতে মারা গেছেন। গ্রেপ্তার এড়াতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় ড্রেনে পড়ে আহত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন এবং হেফাজত ও কারাগারে মৃত্যু নিয়ে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থানসহ বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের ৬৬টি ঘটনায় ৬৯টি মরদেহ উদ্ধার হয়েছে।

এ মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে তিনটি ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে একজন বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

সেপ্টেম্বরে নির্যাতনের শিকার হয়েছেন ২৩৬ জন নারী ও কন্যাশিশু। তাদের মধ্যে অন্তত ৭৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ব্যক্তিদের ৪৭ জন বা প্রায় ৬০ শতাংশের বয়স ১৮ বছরের নিচে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সেপ্টেম্বরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কিছু সূচকে উন্নতি হলেও কয়েকটি ক্ষেত্রে অবনতি হয়েছে।

তিনি বলেন, মাসজুড়ে রাজনৈতিক সহিংসতা, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সহিংসতা, ক্যাম্পাসে সহিংসতা, গণপিটুনি ও মব সহিংসতা অব্যাহত ছিল। একইভাবে কারাগারে মৃত্যু, নির্যাতন ও হেফাজতে মৃত্যু, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, সীমান্তে সহিংসতা এবং শ্রমিক নির্যাতনের ঘটনাও ঘটেছে।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তার, হয়রানি ও আইনি পদক্ষেপের ধারাবাহিকতা উদ্বেগ তৈরি করেছে বলে জানান তিনি। এসব সমস্যার সমাধান না হলে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

মানবাধিকার রক্ষায় সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইজাজুল ইসলাম। পাশাপাশি নাগরিক, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোকে আরও সোচ্চার ও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad