নোয়াখালীর সেনবাগ উপজেলায় রায়হান (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। পরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোমবার সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাক্কা মিয়ার বাড়ি থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রায়হান ওই এলাকার আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান রাতে এলাকার অনেকের সঙ্গে বসে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষ করে বাড়িতে যাওয়ার পর কোনো একটি বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি ও মনোমালিন্য হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে তিনি নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে সেনবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম সরকার জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পারিবারিক কলহের ঘটনা রয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


