হাম হামে আটকা ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ-ফায়ার সার্ভিস

হাম হামে আটকা ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ-ফায়ার সার্ভিস
Advertisement
Advertisement

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হাম হাম জলপ্রপাতে ভ্রমণে গিয়ে আটকা পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে প্রশাসন।

সোমবার সকালে বৃষ্টির সময় উঁচু স্থানে উঠে আটকা পড়েন তারা। পরে বিকাল পৌনে ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়।

যৌথ উদ্ধার অভিযানে অংশ নেয় কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা থেকে আসা শিক্ষার্থীদের একটি দল রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন হাম হাম জলপ্রপাত এলাকায় ঘুরতে যায়। জলপ্রপাতের পথে দুর্গম পাহাড়ি এলাকার উঁচু স্থানে ওঠেন তারা। এসময় তাদের একজন পা পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। ঘটনার সময় বৃষ্টি থাকায় ও আহত সহযাত্রীকে নিয়ে ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান।

আরও পড়ুন

খবর পেয়ে বিকাল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যায়। পরে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধারে ঘটনাস্থলে যান। দীর্ঘ প্রচেষ্টার পর বিকাল পৌনে ৫টার দিকে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্গম পাহাড়ি পথ হওয়া সত্ত্বেও সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, যৌথ অভিযানে ১০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad